বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখার আগামী তিন বছরের জন্য ৫৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সদস্যের আজীবন উপদেষ্টা কমিটিও অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
নতুন কমিটিতে পটুয়াখালী জেলা রেজিস্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা সেলিনা আক্তারকে সভাপতি, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক (ইন-চার্জ) মো. শহিদুল ইসলাম বিশ্বাসকে কার্যকরী সভাপতি-১, পটুয়াখালী পরিবার পরিকল্পনা কার্যালয়ের সুপার মো. জাকির হোসেনকে কার্যকরী সভাপতি-২ এবং পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক মো. আসাদুজ্জামান (জামালকে) সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের ১৬ মে পটুয়াখালীতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হয়।
পরে পটুয়াখালী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জেলা নাজির আলহাজ্ব গাজী মো. মজিবুর রহমান, কার্যকরী সভাপতি-১ মো. শহিদুল ইসলাম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সেলিনা আক্তারের সুপারিশের ভিত্তিতে ৫৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করা হয়। তালিকাটি অনুমোদনের জন্য সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. ওয়ারেছ আলী ও সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পটুয়াখালী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে জেলা শাখার উপদেষ্টা কমিটিতে সাবেক জেলা নাজির আলহাজ্ব গাজী মো. মজিবর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সাবেক স্বাস্থ্য পরিদর্শক (ইন-চার্জ) মো. মোখলেছুর রহমানকে আজীবন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির দায়িত্বকাল হবে তিন বছর। এ সময়ে পটুয়াখালী জেলার সরকারি কর্মচারীদের কল্যাণ, স্বার্থ সংরক্ষণ এবং যৌক্তিক অধিকার আদায়ে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
নতুন কমিটি সরকারি কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সদস্যদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। আগামী তিন বছর নতুন নেতৃত্বের অধীনে সরকারি কর্মচারীদের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও তাঁরা জানান।
মতামত