পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। সীমানাপ্রাচীর নির্মাণসহ মেরামত ও সংস্কারকাজের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ধরান্দী কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শিক্ষা ভবন, ঢাকা কার্যালয় থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা পৃথক চিঠিতে বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
চিঠি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাতের কর্মসূচির অধীনে অনুমোদিত কাজের তালিকায় প্রতিষ্ঠান দুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদিত তালিকা অনুযায়ী, মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউটে সীমানাপ্রাচীর নির্মাণসহ মেরামত ও সংস্কারকাজের জন্য ২০ লাখ টাকা এবং ধরান্দী কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের কাজের জন্য আরও ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত বরাদ্দের ভিত্তিতে সর্বশেষ অনুমোদিত পিডব্লিউডি (PWD) Schedule of Rates অনুসরণ করে প্রাক্কলন প্রস্তুত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর e-GP-এর OTM/LTM পদ্ধতিতে দ্রুত দরপত্র আহ্বানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশেষ কোনো কারণে অনুমোদিত কাজের নাম বা দরপত্র পদ্ধতিতে পরিবর্তনের প্রয়োজন হলে তার যৌক্তিক কারণ উল্লেখ করে প্রধান কার্যালয়ের অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিয়ে কাজের আইটেম নির্ধারণ এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটারের পরিপ্রেক্ষিতে কমলাপুর ইউনিয়নের প্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত উন্নয়নের জন্য এ বরাদ্দ অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়।
বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর নির্মাণসহ মেরামত ও সংস্কারকাজে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে। বরাদ্দ অনুমোদনের উদ্যোগ নেওয়ায় তিনি সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতামত