‘খেলাধুলায় ঐক্য গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি’—স্লোগানে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ‘খেলাধুলায় ঐক্য গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। জমজমাট এই প্রতিযোগিতায় দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনায় মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা। শেষ পর্যন্ত ৩৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় টিম আন্ধারমানিক।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা প্রেস ক্লাব মাঠে মহিপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় এ কাবাডি প্রতিযোগিতা। ফাইনালে মুখোমুখি হয় টিম আন্ধারমানিক ও টিম রামনাবাদ।খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক রেইড ও ট্যাকেলে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক। শেষ পর্যন্ত ৩৫ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে টিম আন্ধারমানিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও জোরদার করতে কমিউনিটি পুলিশিংয়ের আওতায় এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ দেওয়ার পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সামাজিক সংগঠনগুলোকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।আয়োজকদের মতে, তরুণদের খেলাধুলামুখী করা এবং পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরির লক্ষ্যেই কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।