আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মোসা. শাহিনূর বেগম বাদী হয়ে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর (দ্বিতীয় ভাগ) ধারায় একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৫১৪/২৬। মামলার নিয়ম অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে তার দাখিল করা কাগজপত্র ও মৌখিক বক্তব্যও পর্যালোচনা করা হয়।
পরে আদালত বাদীর মনোনীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সাক্ষীদের বক্তব্যের সঙ্গে বাদীর দেওয়া তথ্যের মধ্যে গুরুতর অসঙ্গতি পাওয়া যায়। সার্বিক বিষয় পর্যালোচনা করে আদালত মনে করেন, বিচার বিভাগকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীনভাবে দায়ের করা হয়েছে।
এরপর মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়েরের বিষয়টি আমলে নিয়ে পেনাল কোডের ২১১ ধারায় শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বলেন, আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এ রায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অহেতুক মিথ্যা মামলা দায়ের করে অন্যকে হয়রানি এবং বিচার বিভাগের মূল্যবান সময় নষ্ট করতে চান—এমন ব্যক্তিদের জন্য এটি কঠোর বার্তা।
সূত্র: আদালত
মতামত