পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় পাঁচ পিস ইয়াবাসহ মো. ওমর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বাজারের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্লুইস বাজারের মাছ বাজার এলাকায় অবস্থান করছিলেন মো. ওমর। এ সময় তার পকেট থেকে মাটিতে পাঁচ পিস ইয়াবা পড়ে যায়। বিষয়টি পাশে থাকা পুলিশ সদস্যদের নজরে এলে তারা এগিয়ে যান। তখন ওমর ইয়াবাগুলো পা দিয়ে চেপে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে পুলিশ জানায়।
পরে পুলিশ তার পায়ের নিচ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়। আটক মো. ওমর চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস মোল্লার ছেলে।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির তদন্ত ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় পর্যায়ে মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মতামত