পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে ভাড়া বাসায় দুই তরুণীর ‘বাসরঘর’ সাজিয়ে একসঙ্গে রাত্রিযাপনের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা এবং অন্যজন ময়মনসিংহ থেকে এসেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাদের পরিবারের সদস্যদের খবর দেন সংশ্লিষ্ট ইউপি সদস্য। পরে ওই দুই তরুণীকে তার জিম্মায় রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে স্থানীয় এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। তার এক বোনের আচরণ ও পোশাক-পরিচ্ছদ নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই আলোচনা ছিল। কয়েক দিন আগে ওই তরুণী ময়মনসিংহ থেকে আরেক তরুণীকে সেখানে নিয়ে আসেন। এরপর তারা নিজেদের মধ্যে স্বামী-স্ত্রীর মতো আচরণ করছেন—এমন অভিযোগ স্থানীয়দের।
মঙ্গলবার রাতে ওই বাসায় তারা ঘর সাজিয়ে একসঙ্গে অবস্থান করেন বলে স্থানীয়রা জানান। বিষয়টি বুধবার সকালে জানাজানি হলে এলাকায় নানা আলোচনা শুরু হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি দুই তরুণীর পরিবারের সদস্যদের জানানো হয়।
লালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব বলেন, বিষয়টি জানার পর তিনি দুই তরুণীর পরিবারের সদস্যদের খবর দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিজের জিম্মায় রাখা হয়েছে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটি নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে বিষয়টির প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে দুই তরুণীর ব্যক্তিগত সম্পর্ক বা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনের তদন্তের পরই ঘটনার প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে।
মতামত