জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সহযোগিতা করে পটুয়াখালী জেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিক সাহা, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জাসাসের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ রাহাত, সদস্যসচিব কাইয়ুম উদ্দিন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্বের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এতে স্থানীয় শিল্পীরা নজরুলের রচিত গান পরিবেশন ও নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও সৃষ্টিশীলতায় প্রাণবন্ত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলাম বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রেখে গেছেন, বর্তমান সময়েও তা প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য ও সংগীতচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মানবিকতা ও মুক্তচিন্তার চেতনায় উদ্বুদ্ধ করার প্রয়োজন রয়েছে।
মতামত