পটুয়াখালীর বাউফল পৌরসভার ঐতিহ্যবাহী সার্বজনীন বিশ্ব কল্যাণ গীতা আশ্রম (কেন্দ্রীয় কালীবাড়ি) মন্দির পরিদর্শন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। এ সময় তিনি মন্দিরের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্দিরের ধর্মীয় কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং বিভিন্ন উন্নয়ন প্রয়োজন সম্পর্কে খোঁজ নেন হুমায়ুন কবির। মন্দির পরিচালনা কমিটির সদস্যরা এ সময় মন্দিরের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার-উন্নয়নের বিষয় তাঁর কাছে তুলে ধরেন।
হুমায়ুন কবির বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা এবং পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব। বাউফলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী এ মন্দিরের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে তাঁর পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় মন্দির পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মন্দির পরিদর্শন ও সহযোগিতার আশ্বাস দেওয়ায় হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মন্দির পরিচালনা কমিটির সদস্য, ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত