পটুয়াখালী প্রতিনিধি
হজযাত্রীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সেবা করার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় সেরা হজ গাইডের সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর মাওলানা মো. আব্দুল হালিম গাজী। তিনি ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আশকোনায় হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সরকারি ব্যবস্থাপনায় হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
মাওলানা মো. আব্দুল হালিম গাজী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মো. এলেম গাজী। দীর্ঘদিন ধরে তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে হাজিদের সেবা করে আসছেন। ২০১০ সাল থেকে ২০২৬ সালের হজ মৌসুম পর্যন্ত তিনি সরকারি হজ গাইড হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ১৬ বছরের দায়িত্ব পালনের সময়ে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করেছেন তিনি। হজের নিয়ম-কানুন, বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।
মক্কা, মদিনা ও মাশায়ের পবিত্র স্থানগুলোতে হাজিদের সঙ্গে থেকে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাওয়া হাজিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজের কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করাই ছিল তাঁর দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মহিবুল্লাহিল বাকি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মাওলানা মো. আব্দুল হালিম গাজী বলেন, হজযাত্রীদের সেবা করা তাঁর কাছে একটি মহান আমানত। হাজিদের সন্তুষ্টি এবং তাঁদের সুন্দর ও সুশৃঙ্খলভাবে হজ পালনে সহযোগিতা করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। সেবার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
তাঁর এ অর্জনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক, জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর কর্মকর্তা-কর্মচারীসহ সহকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দনকারীরা বলেন, হজযাত্রীদের সেবায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা শুধু মাওলানা আব্দুল হালিম গাজীর ব্যক্তিগত অর্জন নয়, এটি পটুয়াখালী তথা বরিশাল বিভাগের জন্যও গৌরবের বিষয়। ভবিষ্যতেও তিনি হজযাত্রীদের সেবা এবং ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
মতামত