পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স (GRSA)’-এর উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়জীবন শেষ করা শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও শুভকামনার মধ্য দিয়ে বিদায় জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. মাহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। সহ-সভাপতি মোছা. আরজুমান ও শাকলাইন মোস্তাক শাকিল যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, ড. রেজাউল ইসলাম, মো. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক আলী হায়দার এবং শিক্ষার্থী মো. রোহান সরকারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুধু একটি ডিগ্রি অর্জনের যাত্রা নয়; বরং নিজেকে আবিষ্কার, দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম ও উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে শিক্ষার্থীরা পবিপ্রবির মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়া মানে সম্পর্কের সমাপ্তি নয়; বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা। পবিপ্রবিতে কাটানো সময়, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও ধরে রাখতে হবে। তাদের মেধা ও শ্রমের মাধ্যমে জ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজকেরা জানান, পবিপ্রবিতে অধ্যয়নরত রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স (GRSA)’ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নবীনদের স্বাগত এবং বিদায়ীদের সম্মান জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ সময় সংগঠনের সদস্য ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত