পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথক অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী এবং অপরজন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা পলাতক ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির উদ্দিন (৪২) ও মো. হান্নান সরদার (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুস আলী সিকদারের ছেলে। তাঁর পৈতৃক নিবাস উপজেলার মেন্দিয়াবাদ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মির্জাগঞ্জ থানায় রাজনৈতিক মামলা রয়েছে।
অপরদিকে, হান্নান সরদার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হানিফ সরদারের ছেলে। তিনি ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বিরুদ্ধেও মির্জাগঞ্জ থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় রাজনৈতিক মামলা রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মতামত