আলোচনা সভা ও কেক কাটা, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান
পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক চর্চা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী শহরের কাজীপাড়াস্থ সুবর্ণা টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি পটুয়াখালী জেলা শাখা।
সংগঠনের জেলা শাখার সভাপতি কাজী মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সেক্রেটারি, দৈনিক খবর পটুয়াখালীর সম্পাদক ও স্টার নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ।
সভাপতির বক্তব্যে কাজী মাহতাব উদ্দিন সংগঠনের এক বছরের কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, জাতীয় নির্বাচনে পটুয়াখালীতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রায় ৩৪ জন কর্মী নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের প্রায় ৩০টি জেলায় একই সময়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আরিফ বলেন, মানবাধিকার মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। কিন্তু প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন স্থানে নানা কারণে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা রয়েছে।
নিজের ছাত্রজীবন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির মানবিক ও নির্বাচন পর্যবেক্ষণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনটির ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভির পটুয়াখালী জেলা সংবাদদাতা মোহাম্মদ জহিরুল ইসলাম, জনতা স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ আলামিন দফাদার এবং তিতকাটা পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নূর হোসেন।
এ ছাড়া সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
মতামত