অগ্নিকাণ্ড প্রতিরোধ, আগুন নিয়ন্ত্রণ এবং দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান খান।
প্রশিক্ষণপর্বে অগ্নিকাণ্ডের কারণ, আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ইব্রাহীম খলিল শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ ছাড়া কলেজের চীফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মো. আবু বকর সিদ্দিক, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. শহিদুল ইসলাম, ইন্সট্রাক্টর (পদার্থ) মো. জসিম উদ্দিন এবং ইন্সট্রাক্টর মো. শেফায়েত হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
আলোচনা শেষে প্রশিক্ষণের ব্যবহারিক অংশে শিক্ষক ও শিক্ষার্থীদের আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ও কৌশল হাতে-কলমে শেখানো হয়। অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়েও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে সাহসিকতার স্বীকৃতি
গত ৭ অক্টোবর সন্ধ্যায় কলেজের কাছাকাছি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করায় ছয় শিক্ষার্থীকে প্রশংসা ও পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—বায়জীদ খান, রাজী নাবিল আহমেদ, সাকিব, মিরাজ, আব্দুল্লাহ আনসারি ও আবির। অগ্নিকাণ্ডের সময় তাদের সাহসিকতা ও সহযোগিতামূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
প্রশিক্ষণ কার্যক্রমে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইব্রাহীম খলিলের সঙ্গে ছিলেন আব্দুর রশিদ, মুরাদ হোসেন, অরুন গাইন, শামীম মল্লিক, মেহেদী হাসান, এনামুল ও আব্দুল জলিল।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান থাকলে দুর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও নিরাপদ পদক্ষেপ নেওয়া সম্ভব। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে এমন প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত