পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ গ্রাম গাঁজা ও মাদক মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের মোঃ হৃদয় (৩০) ও তার স্ত্রী মোসাঃ ঈশিতা (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ অক্টোবর রাঙ্গাবালী থানার এসআই (নিঃ) মোঃ গোলাম কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চতলাখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ হৃদয়কে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয়ের স্ত্রী ঈশিতা একটি সাদা টিস্যু কাপড়ের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে ঈশিতার দেহ ও হেফাজতে থাকা সামগ্রী তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত একটি সাদা রঙের ডিজিটাল স্কেলও জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মোঃ হৃদয়ের বিরুদ্ধে এর আগেও রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাঙ্গাবালী উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
মতামত