পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি এতিম ও অসহায় পরিবারের মধ্যে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের হাতে ১০ কেজি চালসহ প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজের হলরুমে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা আশাবাদী করে। ২৪-পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মানবিক কার্যক্রমে আরও সম্পৃক্ত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করে নতুন প্রজন্মের সবাইকে মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা এবং সংগঠনের উপদেষ্টা সোহাগ হোসেন।
এ ছাড়া বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম, মাওলানা নূরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সেক্রেটারি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্প্রেইড হিউম্যানিটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মার্জিয়া ইসলাম নূর ও সহ-শিক্ষা ও ত্রাণ সম্পাদক সাইমুন ইসলাম সাগর।
সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, সংগঠনের দায়িত্বশীলদের ধারাবাহিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে খাদ্যসহায়তা পাওয়ায় সুবিধাবঞ্চিত পরিবারগুলো উপকৃত হয়েছে।
মতামত