দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং গ্রেপ্তারের সময় তার সঙ্গে কথিত অমানবিক আচরণের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিক নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসাদ সবুজকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। দাবি পূরণ না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।
বৈঠক শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার ও তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের সময় তার সঙ্গে যে আচরণের অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এদিকে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। কমিটিকে আগামী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তদন্তে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
বৈঠকে সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটিও গুরুত্বের সঙ্গে দেখার কথা জানানো হয়। পাশাপাশি যে ভূমি-সংক্রান্ত ঘটনা অনুসন্ধান করতে গিয়ে তিনি মামলার মুখোমুখি হয়েছেন বলে সাংবাদিক নেতারা দাবি করছেন, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান ও আমির হোসেনসহ সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা স্বাধীন গণমাধ্যমের পরিবেশকে প্রশ্নের মুখে ফেলে। তাদের বক্তব্য, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। আগামীকাল রোববার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আসাদ সবুজের জামিনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে মামলায় আসাদ সবুজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হয়নি। একইভাবে গ্রেপ্তারের সময় কথিত অমানবিক আচরণের অভিযোগও তদন্তাধীন। ফলে এসব অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
মতামত