দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পর্যটন কার্নিভাল-২০২৬’। পর্যটকদের আকৃষ্ট করা এবং কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে দুই দিনব্যাপী এ আয়োজন ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
কার্নিভাল আয়োজনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পর্যটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) অনির্বাণ চাকমা এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, সান ফ্লাওয়ার্স ৩৬০ ও ঢাকা টকিজের উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় এবারের পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে। দুই দিনের এই আয়োজনে পর্যটকদের জন্য বিনোদন, ক্রীড়া, সংস্কৃতি ও খাবারকেন্দ্রিক নানা কর্মসূচি রাখা হয়েছে।
আয়োজকরা জানান, কার্নিভাল উপলক্ষে থাকছে বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো ও মিউজিক কনসার্ট। পাশাপাশি শিশু-কিশোর ও পর্যটকদের অংশগ্রহণে কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট ও বিচ ভলিবল আয়োজন করা হবে।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব। এসব আয়োজনের মধ্য দিয়ে কুয়াকাটার সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের বিভিন্ন দিক তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক অনন্য মামুন জানান, পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের জন্য বৈচিত্র্যময় কর্মসূচি রাখা হয়েছে। দেশীয় পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলা এবং কুয়াকাটার সৌন্দর্য ও সম্ভাবনাকে নতুনভাবে উপস্থাপন করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, কার্নিভালে দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত তারকারাও অংশ নেবেন। সংগীতশিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, হাসান ও বাউল শিল্পী চিশতী বাউল সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি অভিনেতা সিয়াম আহমেদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও তৌহিদ হৃদয়সহ বিভিন্ন অঙ্গনের তারকারা কার্নিভালের বিভিন্ন আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দুই দিনব্যাপী এ আয়োজনের উপস্থাপনায় থাকবেন শান্তা জাহান, ইভান হাসান ও সাদিয়া রোশনী সূচনা।
আয়োজকদের প্রত্যাশা, পর্যটন কার্নিভালকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক কুয়াকাটায় আসবেন। এতে স্থানীয় পর্যটন ব্যবসা, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে কুয়াকাটাকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পরিকল্পিত ও বৈচিত্র্যময় আয়োজনের মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও স্থানীয় কর্মসংস্থানেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পর্যটন কার্নিভালকে সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত