গণমাধ্যমকে সমাজের আয়না হিসেবে উল্লেখ করে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সমাজের অনিয়ম-অন্যায় যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি ভালো কাজ ও ইতিবাচক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। এতে গণমাধ্যমের নিরপেক্ষতা বজায় থাকার পাশাপাশি ভালো কাজের সঙ্গে যুক্ত মানুষ আরও উৎসাহিত হবেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কলাপাড়া পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আপন নিউজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন সাবেক র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বেনজীর আহমেদের কর্মকাণ্ড ও সম্পদ নিয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যমে বিষয়গুলো উঠে আসার কারণেই বিষয়টি জনসমক্ষে আসে এবং পরবর্তী সময়ে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তিনি আরও বলেন, “গণমাধ্যম হলো সমাজের আয়না। কেউ অন্যায় করলে সেটি তুলে ধরবেন। পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে আনবেন। তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে। ভালো কাজ করা মানুষগুলো আরও আগ্রহী হবে ভালো কাজ করতে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আপন নিউজ’-এর সম্পাদক আলমগীর সিকদার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর ও সাংস্কৃতিক সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস।
আলোচনা সভা শেষে কেক কেটে ‘আপন নিউজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
মতামত