বরিশাল নগরের রসুলপুর বরফকল এলাকায় একটি পিকআপ ভ্যানে তৈরি করা বিশেষ গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় রাহুল হাওলাদার নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত নগরের কোতোয়ালি মডেল থানার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বরফকল এলাকায় অভিযান চালায় ডিএনসির বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটির পাশে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ডিএনসি সদস্যরা ধাওয়া দিলে রাহুল হাওলাদারকে আটক করা সম্ভব হয়। তবে অপর দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তল্লাশির একপর্যায়ে পিকআপ ভ্যানটির পেছনের ঢালাইয়ের ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা। চেম্বারটি খুলে স্কচটেপে মোড়ানো ৩০টি পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় তিন কেজি করে গাঁজা ছিল। সবগুলো পোটলা মিলিয়ে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সের আবেদনের একটি কপিও জব্দ করা হয় বলে জানিয়েছে ডিএনসি।
আটক রাহুল হাওলাদার বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পলাতক দুজনকে মো. সিরাজ মিয়া (৩৭) ও মো. পলাশ হাওলাদার (৪২) হিসেবে শনাক্ত করেছে ডিএনসি।
বরিশাল ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, গাঁজা পরিবহনের উদ্দেশ্যে পিকআপটির পেছনে বিশেষ কায়দায় একটি গোপন চেম্বার তৈরি করা হয়েছিল। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মতামত