বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে আমতলী উপজেলার গুলিশাখালী বাজারের উত্তর পাশে মামুন ডেকরেটর দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মামুন ওই দোকানের মালিক।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক ও অবৈধ দ্রব্যবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গুলিশাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামুন ডেকরেটর দোকানের সামনে থেকে মামুন ফকিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার মামুন ফকির আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ রশিদ ফকির ও মোসাঃ কোহিনুর বেগমের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদক ও অবৈধ দ্রব্যের বিরুদ্ধে আমতলী থানা এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মতামত