পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—সিফাত (২৯) ও নাজমুল (১৮)।
স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে সিফাত ও নাজমুলের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় মমিনপুর বাজারের ৩১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই যুবক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত সিফাত ও নাজমুলের অভিযোগ, অভিযুক্ত কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার সময় অভিযুক্তদের কয়েকজনের হাতে ছুরি, বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও বৈদ্যুতিক তার ছিল। হামলায় তারা আহত হন বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ওমর গাজী, নাজমুল আকন, সামী মোল্লা, রেদোয়ান ও রিফাত নামে কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
তবে হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ অস্বীকার করেছেন ওমর গাজী। তিনি বলেন, সিনিয়রদের সম্মান দেওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অপর পক্ষ তাদের লাঠি দিয়ে আঘাত করে এবং তারাও পাল্টা আঘাত করেন। তবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে—এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদোয়ান রিফাত জানান, দুই যুবককে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আঘাতের ধরন ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মাদক বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ ও দুই যুবক আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত