এশিয়ান গেমস থেকে দেশে ফেরার পথে থাইল্যান্ডের ব্যাংককে ফ্লাইট জটিলতায় পড়ে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে নেপালের পদকজয়ী নারী কাবাডি দলকে। ব্রোঞ্জজয়ী দলটির খেলোয়াড়দের প্রায় ৪০ ঘণ্টা ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের ভেতরেই কাটাতে হয়েছে।
ভয়াবহ আকস্মিক বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ব্যাংককের বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে নেপালের পাশাপাশি আরও কয়েকটি দেশের ক্রীড়াবিদরাও বিমানবন্দরে আটকা পড়ে দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন।
থাইল্যান্ড ও আশপাশের অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এশিয়ান গেমসের এবারের আসরে নেপালের নারী কাবাডি দল থাইল্যান্ডকে নাটকীয়ভাবে ৪৬-৪৩ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক অর্জন করে। সেই সাফল্যের পর দেশে ফেরার পথেই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের এমন বিড়ম্বনায় পড়তে হয়।
শুধু নেপালের দল নয়, একই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাংকক বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে পড়েছিল বাংলাদেশের ক্রীড়াবিদরাও। বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের ৫ খেলোয়াড় ও ১ কোচ এবং বাংলাদেশের পুরুষ কাবাডি দলও দুদিন বিমানবন্দরে আটকা ছিল।
বৈরী আবহাওয়া ও বন্যায় ভারত, নেপাল ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন।
ব্যাংকক বিমানবন্দরে আটকে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে রাখা এবং দ্রুত দেশে ফেরানোর জন্য ব্যাংকক নেপালি দূতাবাস, সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এবং দেশের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন।
সূত্র: আমার দেশ
মতামত