পটুয়াখালী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘জ্ঞান, দক্ষতা, দেশপ্রেম ও ইসলামী চেতনা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে নবাগত শিক্ষার্থী, কলেজের শিক্ষক, সংগঠনের সাবেক সভাপতি ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
ক্যারিয়ারবিষয়ক আলোচনায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মো. সুমন সরকার এবং সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং সময়ের যথাযথ ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান এবং পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও কল্যাণে তরুণ প্রজন্মের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের শিক্ষাজীবনে সাফল্য কামনা করা হয়।
মতামত