বরগুনার বামনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজুল ইসলাম ওরফে সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মফিজুল ইসলাম ওরফে সুমন বামনা উপজেলার কাটাখালি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মতিউর রহমান জমাদ্দার।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বামনা থানার এসআই (নিরস্ত্র) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, ওই এলাকার সালমা বেগমের বাড়িতে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। তবে অপর দুজন পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় মফিজুল ইসলাম ওরফে সুমন বলে জানা যায়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে সে নিজ হাতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে বামনা উপজেলাসহ বরগুনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে। মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
মতামত