পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির বর্তমান ভবনটি আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংবলিত দ্বিতল ভবনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স নির্মাণের বিষয়েও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বুধবার বিকেলে কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে আইনজীবীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলাপাড়া চৌকি আদালতে বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন করে যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আদালত যুক্ত হয়েছে। ফলে জেলা সদর থেকে আইনজীবীদের নিয়মিত কলাপাড়ায় এসে বিচারিক কার্যক্রমে অংশ নিতে হচ্ছে। এর পাশাপাশি আগে থেকেই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম এখানে চলমান রয়েছে।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে চৌকি আদালত আইনজীবী সমিতির ভবনটি আধুনিক প্রযুক্তি সুবিধাসহ দ্বিতল ভবনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
জেলা ও দায়রা জজ আরও বলেন, ভাড়াটে আদালত ভবনে বিচারপ্রার্থী ও আইনজীবীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এতে প্রতিদিনই নানা ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে। এ কারণে কলাপাড়ায় দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করছেন বলেও জানান তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, যুগ্ম জেলা জজ মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ বিচার বিভাগ ও আইনজীবী সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
মতামত