পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সঙ্গে আদালতে নিয়মিত প্র্যাকটিসরত আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আদালতের কার্যক্রম ও আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া চৌকি আদালত বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সম্পাদক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন খন্দকার এবং সিনিয়র সিভিল জজ আদালতের এজিপি ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
এ ছাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানসহ চৌকি আদালতে প্র্যাকটিসরত বিপুলসংখ্যক আইনজীবী অনুষ্ঠানে অংশ নেন।
মতবিনিময়কালে আদালতের কার্যক্রম, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নবনিযুক্ত বিচারকের সঙ্গে আইনজীবীদের এ মতবিনিময়কে আদালতসংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
পরে উপস্থিত আইনজীবীরা নবনিযুক্ত বিচারকের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
মতামত