পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উদ্যোক্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা সম্প্রসারিত নতুন ভবনের হলরুমে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জু মোল্লা, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিমুল্লাহ এনিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ও মো. ছোবাহান মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উদ্যোক্তারা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে সরকার বিভিন্নভাবে ঋণ ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। তরুণদের এসব সুযোগ কাজে লাগিয়ে মৎস্য চাষ, গবাদিপশু পালন, কৃষি উৎপাদনসহ বিভিন্ন খাতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, কৃষিনির্ভর অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে তরুণ প্রজন্মকে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন নতুন উদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজ দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে।
আলোচনা সভায় জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা, কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনা এবং সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মতামত