পটুয়াখালীর গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজের অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। এ সময় তিনি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রায় ৪৫০ জন নবাগত শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. খালিদ হোসেন মিল্টন। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, আগামী দিনের পৃথিবী হবে নানা ধরনের চ্যালেঞ্জে পরিপূর্ণ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, মেধা ও দক্ষতার গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি নবাগত শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মতামত