‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকেরা অংশ নেন।
সকাল ১০টার দিকে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমসে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা কুয়াকাটার পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি এ খাতের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিশেষ করে সমুদ্রসৈকতের ভাঙন প্রতিরোধ, অবৈধ দখল বন্ধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা ব্যাপক। পরিকল্পিত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকবান্ধব অবকাঠামো নিশ্চিত করা গেলে এ অঞ্চলের পর্যটন খাত আরও সম্প্রসারিত হতে পারে।
আয়োজকরা জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনব্যাপী পর্যটকদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে পর্যটকদের বিনোদনের পাশাপাশি কুয়াকাটার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত