পটুয়াখালীর দুমকি উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ব্যতিক্রমী উদ্যোগ ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। পরে ব্র্যাকের ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচির আওতায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ৩৫ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সুইসগেট এলাকায় নোঙর করা ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি তরীতে পরিচালিত বিভিন্ন শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ব্র্যাকের উদ্যোগে পরিচালিত এই ভাসমান শিক্ষা তরীতে গণিত, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনকালে ইউএনও এসব কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে দুপুর ১২টার দিকে আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল ও ফাইল।
অনুষ্ঠানে দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সফিকুল ইসলাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব এবং আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল লস্কর উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কোঅর্ডিনেটর মো. নেফাজ উদ্দীন, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবুল বাশার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেল। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের কাছে শিক্ষা কার্যক্রম পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, নৌপথনির্ভর ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কাছে শিক্ষা কার্যক্রম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘ভাসমান শিক্ষা তরী’ উদ্যোগটি নতুন সুযোগ তৈরি করছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যবিষয়ের পাশাপাশি গণিত, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক নানা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
মতামত