পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন সরদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেলফি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেলফি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. সুমন সরদারকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমন সরদার পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার রুস্তম মৃধার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মো. সালাম সরদার এবং মায়ের নাম মোছা. মমতাজ বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত