পায়রা বন্দরের উন্নয়ন-অগ্রগতি ও গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বন্দরের কর্মকর্তার সঙ্গে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমানের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দরের ফার্স্ট ক্লাস মেরিনার মো. রাজিব হোসেন।
সভায় বক্তব্য দেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর, রাসেল মোল্লা, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, আরিফ সিকদার, তাজুল ইসলাম আজাদ, ইমন আল আহসান ও নয়ন অভীরাম গাইন নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দরের উপপরিচালক আজিজুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে পায়রা বন্দর আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একসময় পায়রা বন্দর দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে সারা দেশে আলো ছড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পায়রা বন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা, অবকাঠামোগত অগ্রগতি এবং বন্দরের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং পেশাগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে পায়রা বন্দরের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের উন্নয়ন ও অগ্রগতির সঠিক চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সভা শেষে পায়রা বন্দরের অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার মধ্য দিয়ে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মতামত