পটুয়াখালী পৌরসভার ফরেস্ট কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১১ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনী রোডের মুসলিম বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরেস্ট কলোনী রোডের মুসলিম বাড়ি এলাকার মো. বশির মোল্লা (৩৮) এবং পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ১ নম্বর লেন এলাকার মো. মাসুদ হাওলাদার (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পটুয়াখালী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনী রোডের মুসলিম বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বশির মোল্লার টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে ওই ঘর থেকে ১১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় হেরোইন রাখার অভিযোগে বশির মোল্লা ও তার সঙ্গে থাকা মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। তবে উদ্ধার করা মাদকের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিক্রি, সরবরাহ ও সংরক্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত