পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হলে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এ উদ্যোগের আওতায় গলাচিপা ও দশমিনা উপজেলার অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক নুর এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি জানান, স্থানীয় কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়লে বিষয়টি যেন সরাসরি তাকে অথবা তার প্রতিনিধিকে জানানো হয়। শিক্ষার্থীদের সহায়তার জন্য তার প্রতিনিধি আবু নাঈমের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন, নুরুল হক নুর সব সময় সাধারণ শিক্ষার্থী ও মেধার মূল্যায়নে গুরুত্ব দিয়ে আসছেন। উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শিক্ষা ও তরুণদের উন্নয়নে তার আন্তরিকতার বহিঃপ্রকাশ।
একইভাবে উদ্যোগটির প্রশংসা করেছেন গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি ছাত্রসংগঠনের পক্ষে উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থীকে এককভাবে সহায়তা করা কঠিন। সমাজের সামর্থ্যবান মানুষগুলো এগিয়ে এলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে যাবে না।
তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
নুরুল হক নুরের এ ঘোষণার পর গলাচিপা ও দশমিনার স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অর্থনৈতিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ তাদের পড়াশোনা অব্যাহত রাখার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত