পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নির্দেশনায় গলাচিপার কালিকাপুর নূরিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করেছেন তাঁর প্রতিনিধি আবু নাঈম।
পরিদর্শনকালে আবু নাঈম মাদ্রাসাটির সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষসহ বিভিন্ন অবকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে আবু নাঈম বলেন, কালিকাপুর নূরিয়া কামিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, মাদ্রাসার জন্য একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত ঘাটতি পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং বিভিন্ন প্রয়োজনের কথা তুলে ধরেন। প্রতিনিধি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন একাডেমিক ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা বাড়তি সুযোগ-সুবিধা পাবে।
মতামত