‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত ও টেকসই নগরায়নের পাশাপাশি সবার জন্য নিরাপদ ও উপযোগী আবাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম এ জাহিদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিত নগর সম্প্রসারণের কারণে পরিবেশ, যোগাযোগব্যবস্থা ও নাগরিক জীবন নানা সমস্যার মুখোমুখি হতে পারে।
তারা আরও বলেন, টেকসই নগরায়নের জন্য পরিকল্পিত আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।
বিশ্ব বসতি দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে নিরাপদ আবাসন, পরিকল্পিত বসতি এবং টেকসই নগরায়নের বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত