পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. জাফর হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোটখালী এলাকার কোটখালী সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাফর হাওলাদার কোটখালী এলাকার মো. মতলেব হাওলাদার ও মৃত অজুফা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাফর হাওলাদার পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, গ্রেপ্তার জাফর হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় ৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর-০১ হিসেবে মামলা রুজু করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
মতামত