পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দলীয় পর্যায়ে আলোচনায় আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই নোটিশ জারি করা হয়। নোটিশে অভিযোগের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে আসে। এরপর ঘটনাটিকে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক আচরণের দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তা অত্যন্ত গুরুতর ও অনভিপ্রেত। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তাকে স্বশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নিয়মানুবর্তী কর্মকর্তার কাছে লিখিত জবাব দাখিল করতে হবে।
নোটিশে স্বাক্ষর করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান টুটন।
এদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।
মতামত