পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো চীফ প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দক্ষিণাঞ্চলের সাংবাদিকতায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মী সাংবাদিকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের প্রকৌশলী মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলাপাড়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সাংবাদিকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অমল মুখার্জী।
আলোচনা সভায় বক্তারা পুলক চ্যাটার্জীর কর্মময় সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে পুলক চ্যাটার্জী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, সাহস ও বস্তুনিষ্ঠতাকে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন। তাঁর সাংবাদিকতা ছিল সাধারণ মানুষের কথা তুলে ধরার অন্যতম মাধ্যম।
বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকতায় পুলক চ্যাটার্জী শুধু একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী ছিলেন না, তিনি ছিলেন অনেক তরুণ সাংবাদিকের অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর কাছ থেকে পেশাগত দায়িত্ব, সংবাদ পরিবেশনের কৌশল এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে অনেকেই দিকনির্দেশনা পেয়েছেন। তাঁর মৃত্যু সাংবাদিকতার অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা পুলক চ্যাটার্জীর সঙ্গে তাঁদের দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক ও বিভিন্ন স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন তাঁরা।
স্মরণসভায় বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির ও মেজবাহ উদ্দিন মান্নু, সিনিয়র সাংবাদিক এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু এবং আহমেদ তানভীর পাশাসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি মানুষের অধিকার, সমাজের বাস্তবতা ও অনিয়ম-অসংগতির কথা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পুলক চ্যাটার্জী তাঁর দীর্ঘ কর্মজীবনে সেই দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। তাঁর রেখে যাওয়া সাংবাদিকতার আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মের সাংবাদিকরা এগিয়ে যাবে—এটাই হবে তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা।
স্মরণসভায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মতামত