পটুয়াখালী সদর উপজেলায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার ও ট্রফি বিতরণ করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন খানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান সাইদ। একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাফসীরুল হক মুন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ক্রীড়া শিক্ষকরা।
প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কাবাডি বালক বিভাগে আব্দুল হাই বিদ্যানিকেতন এবং বালিকা বিভাগে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
হ্যান্ডবল বালক বিভাগে পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা বিভাগে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
দাবা প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা নিজেদের দক্ষতার পরিচয় দেয়। বালক বিভাগে বড় কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ ইফতেখার আহম্মেদ জুনায়েদ এবং বালিকা বিভাগে পটুয়াখালী শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবিদা বিনতে আব্বাস চ্যাম্পিয়ন হয়।
এ ছাড়া দাবার অন্য গ্রুপে বালক বিভাগে মধ্যম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর আহমেদ মুসা এবং বালিকা বিভাগে মধ্যম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাইশা চ্যাম্পিয়ন হয়েছে। সাঁতার প্রতিযোগিতার দুটি গ্রুপে বিজয়ীদেরও অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পটুয়াখালী সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিভিন্ন খেলা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষিকারা পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন খান বলেন, উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে, তারা আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। জেলা পর্যায়েও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে পটুয়াখালীর সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে।
মতামত