দীর্ঘদিনের যাতায়াত সংকট কমার আশা শিক্ষার্থীদের, বরিশাল রুটে চলবে বাস দুটি
শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা কিছুটা লাঘবের লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন বহরে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি দোতলা বাস। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো যুক্ত হওয়া বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় তিনি নিজেই বাস চালিয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা মো. আব্দুর রহিম। এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নতুন বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকারি প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে বিআরটিসির দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা চালানো হচ্ছিল। কিন্তু প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর করতে পরিবহন বহরে দুটি আধুনিক ডাবল ডেকার বাস যুক্ত করা হয়েছে। বাস দুটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার নতুন প্রতীক। পবিপ্রবিকে আন্তর্জাতিক মানের আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় পাশে থাকবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এদিকে পরিবহন বহরে নতুন দুটি দোতলা বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট থাকায় যাতায়াতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুন বাস দুটি চালু হলে এ সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তাঁরা।
মতামত