পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগ হাওলাদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটে বাউফল থানাধীন নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বটকাজল গ্রামের খানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ হাওলাদার নওমালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বটকাজল গ্রামের মো. কালাম হাওলাদার ও মোসা. রুশিয়া বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, ওই এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় খানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা সড়কের ওপর ইয়াবা বিক্রির সময় সোহাগ হাওলাদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাউফল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মামলার পর গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মতামত