পটুয়াখালী থেকে বাউফল ও দশমিনা উপজেলা যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম লোহালিয়া সেতু। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই সেতুটি রাতের আঁধারে পরিণত হচ্ছে মাদকসেবী ও ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে। জানা গেছে, নতুন এই সেতুর ওপরের সড়কবাতিগুলো দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এমন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সেতুটিতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা অচল হয়ে আছে। সন্ধ্যার পর থেকেই পুরো সেতু ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যায়। যাতায়াতকারী যানবাহনগুলোকে বাধ্য হয়ে শুধু নিজেদের হেডলাইটের আলোর ওপর নির্ভর করে ঝুঁকি নিয়ে চলতে হয়।
বিশেষ করে রাত ১১টার পর রাস্তা ফাঁকা হতে শুরু করলে সেতু ও এর আশেপাশের এলাকায় আনাগোনা বাড়ে বখাটে, মাদক কারবারি ও ছিনতাইকারীদের। অন্ধকারের সুযোগ নিয়ে তারা সাধারণ পথচারী, মোটরসাইকেল আরোহী ও ছোট যানবাহনের যাত্রীদের পথরোধ করে সর্বস্ব লুটে নিচ্ছে। পাশাপাশি সেতুর ওপর বসে মাদকের আড্ডাও।
ভুক্তভোগী ও স্থানীয় যাত্রীদের অভিযোগ, বাতি না থাকার কারণেই অপরাধীরা অন্ধকারে গা ঢাকা দিয়ে এসব অপকর্ম করার সুযোগ পাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সেতুতে রাতে নিরাপদে যাতায়াতের স্বার্থে দ্রুত সড়কবাতিগুলো সচল করা এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর।
মতামত