পটুয়াখালীর দশমিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে ‘দশমিনা উপজেলা মানব উন্নয়ন পরিষদ’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানব উন্নয়ন পরিষদের মহাসচিব মো. মশিউর রহমান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন সৈকত এবং দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার।
এ ছাড়া দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের অর্জিত ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৭ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি মানব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডায়েরি উপহার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই নিয়মিতভাবে এ ধরনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
মতামত