পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মো. রিয়াজ জোমাদ্দার ওরফে ‘রিয়াজ চোরা’ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৌরসভার সবুজবাগ এলাকার ৬ নম্বর লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থানা পুলিশের মোবাইল-১ (দিবা) পার্টির একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সবুজবাগ এলাকার একটি স্থানে চোরাই মালামালসহ এক যুবক অবস্থান করছেন। পরে মোবাইল-১ (দিবা) পার্টির ইনচার্জ এসআই (নিঃ) মো. ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ চোরাই মালামালসহ রিয়াজ জোমাদ্দারকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তার রিয়াজ পেশাদার চোর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার রিয়াজ জোমাদ্দার পটুয়াখালীর ইটবাড়ীয়া ইউনিয়নের পুকুরজানা গ্রামের মো. হাসান জোমাদ্দারের ছেলে। তার মায়ের নাম নারগিস বেগম। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পটুয়াখালী সরকারি কলেজসংলগ্ন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা চোরাই মালামালের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
মতামত