পটুয়াখালীর দুমকিতে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রেখেছে। তিনি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনের প্রতিটি রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, প্রফেসর দেলোয়ার হোসেন, স্থানীয় মহিলা নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগেও পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
মতামত