বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির উদ্যোগে বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভার সুরাইয়া ভিলার সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি বের করা হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্নার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন সুজন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন তপন, বিএনপি নেতা আব্দুস সালাম মৃধা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা বিএনপির সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক সাইদুর রহমান তালুকদার এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিদ্দিকীসহ অন্যরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত