গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে পৌর শহরের কয়েকটি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। পৃথক কর্মসূচিকে ঘিরে সোমবার (৩১ আগস্ট) থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ শহরের বিভিন্ন এলাকায় পৃথক মিছিল বের করে।
মিছিল দুটি পৌর শহরের গুরুত্বপূর্ণ কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষের লোকজন পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। হঠাৎ এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিছু সময় হাতাহাতির ঘটনা ঘটেছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিল।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও ইউএনও কার্যালয়ের আশপাশে সকাল থেকে যে উত্তেজনা তৈরি হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরে তা নিয়ন্ত্রণে আসে।
মতামত