পটুয়াখালীর বাউফল উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতকে স্মরণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
বাউফল সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। মিছিলকে ঘিরে বাউফল সদরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের পাশাপাশি মানবতা, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, সততা, মানবিকতা এবং পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
আনন্দ মিছিলে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো কর্মসূচিকে কেন্দ্র করে বাউফল সদরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মতামত