পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সততা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুল হক খোকন এবং সাইফুল ইসলাম জুরান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে তারা কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত